১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার: দলীয় পদ হারালেন যুবদল নেতা রাশেদ

চট্টগ্রামের মিরসরাইয়ে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় হাইতকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. রাশেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাকে প্রাথমিক সদস্যপদসহ যুবদলের সকল দায়বদ্ধতা ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দপ্তর সম্পাদক আবু সাঈদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মুহাম্মদ জসিম ও সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী এই বহিষ্কার আদেশ কার্যকর করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়ভার দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক রাখা থেকে বিরত থাকার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট অপরাধের কথা উল্লেখ না থাকলেও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন রাশেদ। ওই ঘটনায় তাঁর বিরুদ্ধে পাহাড়তলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

বহিষ্কারের বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী জানান, দলীয় পদে থেকে কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুযোগ নেই। অভিযোগের সত্যতা ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়েই তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button