লালমনিরহাটে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে অর্ধলাখ টাকা ছিনতাই: থানায় অভিযোগ


লালমনিরহাটের আদিতমারীতে এক মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তাঁর সাথে থাকা ব্যবসার নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
গত রোববার (৪ অক্টোবর) রাতে পলাশী ইউনিয়নের ম্যালম্যালি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মাছ ব্যবসায়ী রিদু মিয়া বাদী হয়ে আদিতমারী থানায় তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আহত রিদু মিয়া পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে নামুড়ি বাজার থেকে মাছ বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন রিদু মিয়া। পথিমধ্যে পূর্ব থেকে ওত পেতে থাকা চিহ্নিত চক্রের সদস্য মমিনুর রহমান, মিজানুর রহমান ও সাগর আলী তাঁর পথরোধ করে। এ সময় তারা রিদু মিয়াকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পকেটে থাকা ৪৬,৭৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
দৈনিক মূলধন হারিয়ে হাসপাতালের বেডে শুয়ে কান্নাজড়িত কণ্ঠে ন্যায়বিচারের আকুতি জানিয়েছেন ভুক্তভোগী রিদু মিয়া। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে টাকা ছিনতাইয়ের দাবি অস্বীকার করে ঘটনাটিকে সাধারণ ধাক্কাধাক্কি হিসেবে উল্লেখ করা হয়েছে। আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানিয়েছেন, এই বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




