আবাসন বিল পাসে ব্যর্থ হয়ে স্পেনে আগাম নির্বাচনের ডাক সানচেজের


স্পেনে সংখ্যালঘু সরকারের প্রস্তাবিত জরুরি আবাসন সংকট নিরসন বিল পার্লামেন্টে বাতিল হয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ২৯ নভেম্বর দেশটিতে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সোমবার (৫ অক্টোবর) রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক বিশেষ ভাষণে সানচেজ এই ঘোষণা দেন।
গত শুক্রবার (২ অক্টোবর) পার্লামেন্টের ভোটাভুটিতে আবাসন বিলটি হেরে যায়। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা সানচেজের এই প্রস্তাবিত সংস্কার বিলে ভাড়া চুক্তি স্বয়ংক্রিয়ভাবে নবায়নের সুবিধা এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিত ভাড়াটিয়াদের বিনা নোটিশে উচ্ছেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের কথা বলা হয়েছিল। কিন্তু বিরোধী দল কনজারভেটিভ পপুলার পার্টি (পিপি) এবং সানচেজ সরকারকে বাইরে থেকে সমর্থন দেওয়া কাতালান বিচ্ছিন্নতাবাদী দল ‘জুনটস’-এর বিরোধিতায় বিলটি বাতিল হয়ে যায়।
সংসদের এই রায়ের পর দিনই (শনিবার) আবাসন সংকট ও মাত্রাতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মাদ্রিদসহ বিভিন্ন শহরের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। ৮৭ বছর বয়সী পেনশনভোগী বৃদ্ধা মারিকারমেন আবাজকালকে নিজ ফ্ল্যাট থেকে জোরপূর্বক উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে। গত এক দশকে স্পেনে গড় বাড়িভাড়া প্রায় দ্বিগুণ এবং বাড়ি কেনার দাম ৯০ শতাংশের মতো বৃদ্ধি পেয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সানচেজ জানান, দেশে সংস্কারমূলক কর্মকাণ্ড এগিয়ে নিতে প্রগতিশীল ও শক্তিশালী জনরায় প্রয়োজন। ২০২৭ সালে সানচেজের মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও সার্বিক রাজনৈতিক অচলাবস্থা ও সামাজিক উত্তেজনার প্রেক্ষাপটে তিনি এই আগাম নির্বাচনের পথ বেছে নিলেন। জনমত জরিপে বিরোধী দল কনজারভেটিভ পপুলার পার্টি (পিপি) বর্তমানে সানচেজের সোশালিস্ট পার্টির চেয়ে জনপ্রিয়তায় কিছুটা এগিয়ে রয়েছে।




