এনএভি যাচাই করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পরামর্শ বিএসইসির


শেয়ারবাজারে কেবল বাজারদর বাড়ার তথ্যের ওপর ভিত্তি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করার পরামর্শ দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সোমবার (৫ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিনিয়োগকারীদের এই সতর্কতা জারি করা হয়।
বিএসইসি জানায়, বাজারে কিছু মিউচুয়াল ফান্ডের ইউনিট সংশ্লিষ্ট ফান্ডের নিট সম্পদ মূল্য (এনএভি)-এর তুলনায় উল্লেখযোগ্য ও অস্বাভাবিক বেশি দামে লেনদেন হচ্ছে। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছে, কোনো মিউচুয়াল ফান্ড অবসায়ন করা হলে ইউনিটহোল্ডাররা ফান্ডের নিট সম্পদমূল্যের বেশি অর্থ পাওয়ার সুযোগ পান না। তাই বাজারদরের চেয়ে অন্তর্নিহিত এনএভির ব্যবধান বেশি হলে তা বিনিয়োগকারীদের জন্য বড় ঝুঁকির কারণ হতে পারে।
বিনিয়োগকারীদের প্রতি বিএসইসির পরামর্শ:
-
কোনো প্রকার গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার বা কারও প্ররোচনায় না পড়ে তথ্য যাচাই করা।
-
শুধু বাজারদর না দেখে ফান্ডের প্রকৃত সম্পদমূল্য (NAV), আর্থিক অবস্থা, মেয়াদ ও পোর্টফোলিও পর্যালোচনা করা।
-
নিয়মিত প্রকাশিত এনএভির সঙ্গে ইউনিটের বাজারমূল্য তুলনা করে সচেতনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া।




