ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন নিশ্চিতে ঐক্যবদ্ধ কাজের আহ্বান রাষ্ট্রপতির


দেশের পাহাড়ি ও সমতলের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের উন্নয়ন, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে বঙ্গভবনে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল’-এর কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের নেতৃত্বে ৫২ সদস্যের এক প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরলে রাষ্ট্রপতি জানান, সরকার তাদের সমস্যা সমাধানে আন্তরিক। তবে নিজেদের অধিকার ও ভূমিসংক্রান্ত সমস্যা রক্ষায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষকেও নিজেদের মধ্যে ঐক্য ও সচেতনতা বাড়াতে হবে। রাষ্ট্রপতি বলেন, “আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা এগিয়ে যাব।”
মৌলভীবাজারের কুলাউড়ায় খাসিয়া পুঞ্জির পানগাছ কাটার ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন। পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষা ও সংস্কৃতির প্রসারে জোর দিয়ে আগামী পহেলা বৈশাখে বঙ্গভবনে তাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।
উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




