বিটিসিএলের অব্যবহৃত সম্পদ সচল ও ইন্টারনেট খরচ কমানোর পরিকল্পনা


দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবার প্রসারের পাশাপাশি সাধারণ গ্রাহকদের জন্য ইন্টারনেট সেবার মূল্য বা খরচ আরও কমিয়ে আনার পরিকল্পনা নিয়েছে সরকার।
একই সঙ্গে রাষ্ট্রীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বিটিসিএলের অব্যবহৃত সব সম্পদ পুনরায় কার্যকর করা এবং ডাক বিভাগে আধুনিক পার্সেল সেবার পরিধি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের ‘ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠকে এসব বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ।
বৈঠকে মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যতের মূল পরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন পর্যালোচনা করা হয়। এ সময় দেশে শক্তিশালী ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ, এআই-সক্ষম (AI-capable) বাংলাদেশ গঠন, ডিজিটাল ও ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিস্তার, সাইবার নিরাপত্তা জোরদার এবং শিশু-কিশোরদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করে সংসদীয় কমিটি।
এছাড়া সরকারি মোবাইল অপারেটর ‘টেলিটক’-এর দুর্বল সেবার মান উন্নত করে তা গ্রাহকবান্ধব করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে দক্ষ তরুণ সমাজ গড়ে তুলতে তথ্যপ্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানানো হয় বৈঠকে।
বৈঠকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




