বারিধারায় গাড়িচাপায় শ্রমিকের মৃত্যু: সেই কিশোরের জামিন মেলেনি

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর মামলায় অভিযুক্ত কিশোর আজান আলী শরীফের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।


রোববার (৪ অক্টোবর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। শুনানি শেষে বিচারক বলেন, ‘এ ঘটনায় সে দ্রুত সময়ে বের হয়ে গেলে সমাজের কাছে নেগেটিভ মেসেজ যাবে।’

এর আগে গত ২৪ সেপ্টেম্বর তাকে জামিন না দিয়ে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত। আসামি পক্ষের দাবি, ওই কিশোর ড্রাইভ না করে ড্রাইভারের পাশের আসনে বসে ছিল এবং নিহতের পরিবারকে ৯ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়ে আপস করা হয়েছে। তবে মামলার তদন্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনার পর চালকের আসন থেকে কিশোর আজান আলী শরীফকেই বের হতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মেহেদীর মৃত্যুর ঘটনায় গুলশান থানায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে মামলা করেন নিহতের বড় ভাই। মামলায় আকাশ মারক নামের এক চালককে প্রধান আসামি করা হয়েছে।

Related Articles

Back to top button