দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায়: জামায়াত আমির


দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানই বর্তমানে বিধ্বস্ত অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর মধুবাগ খেলার মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত ‘৪–১০ অক্টোবর দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে শুধু স্বাস্থ্যসেবা নয়; ব্যাংক, বিমা, শেয়ারবাজার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও আজ অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। রাজধানীর বুকে দিনে-দুপুরে নানা অপকর্ম ঘটছে, যা গোটা দেশের ভঙ্গুর পরিস্থিতিরই চিত্র বহন করে।
বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে জামায়াত আমির বলেন, বিমানবন্দরে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ ও প্রবাসীদের লাগেজের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ করায় তার বিরুদ্ধে তড়িঘড়ি করে সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক মামলা দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজের কোনো প্রমাণ ছাড়াই এক জ্যেষ্ঠ বীর মুক্তিযোদ্ধাকে হাতকড়া ও হেলমেট পরিয়ে অপমান করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
স্বাস্থ্যখাত ও ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ডেঙ্গুর বিশ্বস্বীকৃত টিকা দেশে আনার বিষয়ে সরকার উদাসীন। সরকারিভাবে না পারলে বেসরকারিভাবে আমদানির সুযোগ দেওয়া উচিত। কেবল লিফলেট বিতরণ নয়, এডিস মশার প্রজননস্থল পরিষ্কার ও জনগণকে সচেতন করতে জামায়াতে ইসলামী রাজপথে কাজ করছে।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ঢাকা মহানগরী উত্তরের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।




