ঢামেকে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ৪২, সেপ্টেম্বরে ভর্তি ১৪০৩


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ হাজার ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৪২ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ১৮১ জন এবং নিজ দায়িত্বে (রিসবন্ড দিয়ে) হাসপাতাল ছেড়েছেন ৫৭৯ জন।
শনিবার (৩ অক্টোবর) ঢামেকের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৫০২, ৪০২ ও ৭০২ নম্বর ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড ঘুরে এই তথ্য জানা যায়। হাসপাতালে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও রোগীদের মাঝে মশারি টানানোর অনীহা লক্ষ্য করা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ মশারি সরবরাহ করলেও গরম ও বাতাসের সমস্যার অজুহাতে অনেক রোগী তা ব্যবহার করছেন না। ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন জানান, মশারির ব্যবহার না করায় রোগীদের পাশাপাশি তাদের সঙ্গে থাকা এটেন্ডেন্টদেরও ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে।
ঢামেকের ৩ অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা গত দুই বছরের তুলনায় কম। ২০২৫ সালে ঢামেকে ডেঙ্গুতে ১১৮ জন এবং ২০২৪ সালে ৯৫ জনের মৃত্যু হয়েছিল। তবে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর প্রকোপ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরে সর্বোচ্চ ১ হাজার ৪০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া অক্টোবরের প্রথম তিন দিনে ভর্তি হয়েছেন আরও ১২৭ জন।
চলতি বছরের মাসভিত্তিক ভর্তি রোগীর হিসাব বলছে, জানুয়ারিতে ৪৫, ফেব্রুয়ারিতে ২৬, মার্চে ৩০, এপ্রিলে ৪১, মে মাসে ৭৫, জুনে ১২২, জুলাইয়ে ৩৭২, আগস্টে ৮৪৪, সেপ্টেম্বরে ১ হাজার ৪০৩ এবং অক্টোবরের প্রথম তিন দিনে ১২৭ জন রোগী ভর্তি হন। গত তিন বছরের সার্বিক চিত্রে দেখা যায়, ২০২৪ সালে ৩ হাজার ৪০৯ জন, ২০২৫ সালে ৩ হাজার ৮৮৮ জন এবং ২০২৬ সালের ৩ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৮৫ জন রোগী ঢামেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৪২ জনের মধ্যে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া জুলাই ও আগস্টে ১০ জন করে এবং অক্টোবরের প্রথম তিন দিনে ২ জনের মৃত্যু হয়েছে। বয়সওয়ারী হিসাবে চলতি বছর ২১ থেকে ৩০ বছর বয়সী ৮৬২ জন রোগী সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এছাড়া ১১ থেকে ২০ বছর বয়সী ৬২২ জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫৬৪ জন রোগী ভর্তি হয়েছেন। মৃত ৪২ জনের মধ্যে ৪১ থেকে ৫০ বছর বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি (৯ জন)।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢামেকে ডেঙ্গু নিয়ে নতুন ১২৭ জন রোগী ভর্তি হয়েছেন এবং একই সময়ে ডব্লিউ-৪০২ ও ৫০২ নম্বর ওয়ার্ডে দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে ঢামেকে মোট ২৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ১৪১ জন পুরুষ, ৮৯ জন নারী এবং ৬৮ জন শিশু। এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।




