কাবায় এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তি, কী ঘটেছিল?


পবিত্র কাবা শরিফে এক ব্যক্তির সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাঁধে কালো ব্যাগ থাকা এক ব্যক্তিকে জাপটে ধরে মাটিতে শুইয়ে চেপে ধরেছেন রক্ষীরা। এই ভিডিওকে কেন্দ্র করে কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে কাবায় আত্মঘাতী বোমা হামলার চেষ্টা করা হয়েছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
তবে সৌদি আরবের জননিরাপত্তা বিভাগ এই খবর পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে। শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে নিরাপত্তা বিভাগ স্পষ্ট করে বলেছে, আত্মঘাতী বোমা হামলার যে গুঞ্জন ছড়ানো হয়েছে, তার কোনো সত্যতা নেই। সাধারণ মানুষকে হেনস্তা ও তাদের মধ্যে আতঙ্ক তৈরি করার অভিযোগে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এর আগে রুশ সংবাদমাধ্যম আরটি দাবি করেছিল, এক আত্মঘাতী হামলাকারী কাবার ভেতর বোমা বিস্ফোরণের চেষ্টা করলেও তা বিস্ফোরিত হয়নি। তবে সৌদি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যে সেই দাবি সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলো।




