বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে সেটার বিচার জনগণই করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলে কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেটার বিচার জনগণই করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। পাশাপাশি এ জাতীয় বক্তব্যের তীব্র নিন্দা জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্গাপূজা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

দায়িত্বে অবহেলা ও সংসদ সদস্যের সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাড্ডা ক্লিনিকের ঘটনায় এক পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা পাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং বিভাগীয় প্রসিডিং শুরু হয়েছে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না। কোনো সংসদ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত চলছে এবং সত্যতা পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।

রাজধানীর মাটিকাটায় জমি দখল ও মামলা প্রক্রিয়া নিয়ে তিনি জানান, দুর্বৃত্ত তো দুর্বৃত্তই। ক্যান্টনমেন্ট থানার জমি দখলের ঘটনায় ৯৯৯-এ কল করার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, গ্রেপ্তার করেছে এবং আলামত সংগ্রহ করেছে। আইনি নিয়ম অনুযায়ী যেকোনো এজাহার জমা হলে প্রাথমিক তদন্ত করে মামলা রেজিস্টার করতে হয়, অন্যথায় ভিত্তিহীন অভিযোগও মামলা হিসেবে নথিভুক্ত হয়ে যাবে। ঢালাওভাবে সরকারকে দোষারোপ করা বা রাজনৈতিক উদ্দেশ্যে বক্তব্যের বিচার জনগণ করবে বলে মন্তব্য করেন তিনি। নির্মোহভাবে তদন্ত চলছে এবং জড়িত সবাইকে আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।

মিরপুরে হকারদের সঙ্গে সংঘর্ষের ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনাটি তদন্ত করতে বলা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, রাজউক বা সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে সঠিক যোগাযোগ সম্পন্ন করেননি, যা মূলত একটি সমন্বয়ের অভাব ছিল।

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, জননিরাপত্তা সুনিশ্চিত করতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে সরকার নিরবচ্ছিন্ন চেষ্টা চালিয়ে যাচ্ছে। একটি বা দুটি বিচ্ছিন্ন ঘটনাকে সামনে এনে সমগ্র দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করা ঠিক হবে না।

Related Articles

Back to top button