ফেনী সফর শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ফেনীতে দিনব্যাপী বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে সড়ক পথে ঢাকা থেকে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে তাঁর গাড়িবহর ফেনীর পানে যাত্রা শুরু করে। দিনব্যাপী নির্ধারিত ব্যস্ত কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
ফেনী সফরে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে বেলা সাড়ে ১২টায় পরশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়) প্রকল্প’-এর উদ্বোধন, দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোতে স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন এবং বিকেল সাড়ে তিনটায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান। এছাড়া দুপুরে ফুলগাজী ডাক বাংলোতে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনী জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।




