কোহলি-গিলের সেঞ্চুরিতে ভারতের বড় জয়


শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য সহজেই পেরিয়ে গেছে ভারত। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৫০ বল হাতে রেখেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে জাস্টিন গ্রেভসের ১০১, জোনাথন ক্যাম্পবেলের ৬২ এবং আমির জাঙ্গোর অপরাজিত ৫৮ রানের ওপর ভর করে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের পক্ষে কুলদীপ যাদব সর্বোচ্চ ৪টি এবং প্রসিদ্ধ কৃষ্ণা ২টি উইকেট শিকার করেন।
২৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে রোহিত শর্মা ও শুভমান গিল তোলেন ৭৪ রান। রোহিত ৩২ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক গিলের সঙ্গে ১৫১ রানের বিশাল জুটি গড়েন বিরাট কোহলি। গিল ১১০ রান করে আউট হলেও কোহলি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মাত্র ৮৮ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় ১৩৯ রানের বিধ্বংসী ইনিংসে অপরাজিত থাকেন তিনি। এটি কোহলির ক্যারিয়ারের ৮৬তম সেঞ্চুরি। ১৩ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড।




