মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা


সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ বিজয়ী চার বাংলাদেশি হাফেজকে সংবর্ধনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
৩ সেপ্টেম্বর রাজধানীর ২৯ মিন্টো রোডের সরকারি বাসভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ডেমরার আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নূর উদ্দিন জাকারিয়া। এছাড়া তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার রাবিতা বিনতে রমজান, মারকাজুল মদিনার মাহমুদুল হাসান আশরাফী এবং রাজধানীর ওয়ারীর সাওদা বিনতে যামআহ আন্তর্জাতিক বালিকা হিফজ মাদ্রাসার মুসফিরা বিনতে মাহমুদ নিজ নিজ ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বমঞ্চে হাফেজদের এ সাফল্যকে লাল-সবুজের পতাকার বড় অর্জন ও জাতীয় গৌরব হিসেবে বর্ণনা করেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বিজয়ী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সংবর্ধনা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি কওমি ও হিফজ শিক্ষাব্যবস্থায় সরকারের সহযোগিতা বৃদ্ধি এবং ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত প্রসারের ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।




