চট্টগ্রামের রাউজানে যুবককে গুলি করে হত্যা


চট্টগ্রামের রাউজানে কেরাণীহাট বাজার এলাকায় এক বন্দুকযুদ্ধের ঘটনায় করিম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত করিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে তিনি কোনো পদে ছিলেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা ওই যুবকের মৃত্যুর পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে।
২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজানে রাজনৈতিক সহিংসতায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়াল।




