ঝিনাইদহ সদরের কাশিমপুরে সামাজিক বিরোধে দুপক্ষের মারামারি, আহত ৪


ঝিনাইদহ সদরের কাশিমপুরে সামাজিক বিরোধের জেরে দুপক্ষের মারামারিতে ৪ জন আহত হয়েছেন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে কাশিমপুর বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাশিমপুর গ্রামের রাজিব কাজী নামের এক ব্যক্তিকে মাদক ব্যবসায়ী সাব্যস্ত করে পুলিশে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন জামিল ও ইমামুল নামের দুই ব্যক্তি। তখন ধস্তাধস্তিতে রাজিব আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার জেরে গ্রামের বিপ্লব ও আলিফসহ অন্যদের সঙ্গে তাঁদের বিরোধ তৈরি হয়। মঙ্গলবার বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও বুধবার সকালে আবার উভয়পক্ষের লোকজন বাজারে মারামারিতে জড়িয়ে পড়ে, এতে ৪ জন আহত হন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান জানান, খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



