বাংলাদেশ একটি পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ, সহযোগিতার সুযোগ রয়েছে: স্পিকার


বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিকভাবেই পরিবেশগত বিপর্যয়প্রবণ দেশ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, এ সংকট মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আইপিইউ মহাসচিব মার্টিন চুংওং (বা অ্যান্ডা ফিলিপ)-এর আগমন উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্পিকার বলেন, ১৮৮৯ সালে প্রতিষ্ঠার পর থেকেই আইপিইউ মানবাধিকার রক্ষা ও সংসদীয় সম্পর্ক বিস্তারে কাজ করছে। বিগত ১৫ বছরের শাসনের পর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। বৈশ্বিক জ্বালানি সংকট ও মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবিলায় আইপিইউ-কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইপিইউ মহাসচিব তাঁর বক্তব্যে বলেন, নির্বাচিত সংসদই গণতন্ত্রের ভিত্তি এবং একে মানবাধিকার ও আইনের শাসন সুরক্ষায় অভিভাবকের ভূমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে নেত্রকোণার বিরিশিরি একাডেমির একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংসদ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।




