খুব অল্প সময়ে লোডশেডিং কমে যাবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


দেশে বর্তমানে সার ও পণ্যের প্রয়োজনীয় মজুত রয়েছে এবং খুব দ্রুত লোডশেডিং সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের অগ্রগতি সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান জানান, গত বছরের একই সময়ের তুলনায় বর্তমানে সারের মজুত সমান বা কিছুটা বেশি রয়েছে। বিপণন বা বিতরণ পর্যায়ে তৈরি হওয়া সাময়িক জটিলতা খুব দ্রুতই নিরসন হবে।
ঢাকার বিদ্যুৎ পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অতীতে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং দিয়ে ঢাকাকে অগ্রাধিকার দেওয়া হতো। তবে বর্তমান সরকার সেই নীতি বদলে সংকটের বোঝা ঢাকার বাসিন্দা ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের মধ্যে সুষমভাবে বণ্টনের সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি সংকট, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটি, গ্রিডের সীমাবদ্ধতা এবং স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে বিদ্যুতের সার্বিক চাহিদা বেড়ে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে।
চলমান সংকট নিরসনে ঢাকার সাশ্রয় করা বিদ্যুৎ দেশের অন্যান্য প্রান্তের শিল্প-কারখানা ও গ্রামাঞ্চলে পুনর্বণ্টন করা হচ্ছে, যাতে নির্দিষ্ট কোনো এলাকায় টানা দীর্ঘ লোডশেডিং না থাকে। উপদেষ্টা আরও জানান, পূর্ববর্তী আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলেও গ্রামাঞ্চলে কী পরিমাণে লোডশেডিং করা হয়েছিল, সেই তথ্য খুব শীঘ্রই প্রকাশ্যে আনা হবে। সাময়িক এই বিদ্যুৎ সংকট কাটিয়ে উঠতে তিনি জনগণকে কিছুটা ধৈর্য ধরার আহ্বান জানান।




