সরকারি ভর্তুকির ৪০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে মেসার্স রহমান এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে সরকারি কৃষি ভর্তুকির আওতাভুক্ত ৪০ বস্তা ডিএপি সার জব্দ করেছে পুলিশ ও বিজিবি।

এ ঘটনায় দোকানমালিক মো. হাসান বসরী (৩৪)-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের কাউনিয়ার চর বাজারে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের দল এই অভিযান চালায়। এর আগে বুধবার রাতে বিজিবির টহল দল বাঘারচর এলাকায় বাসের মাধ্যমে সারগুলো হাসান বসরীর দোকানে নেওয়ার তথ্য পেয়ে দোকানটি ঘেরাও করে রাখে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ জহুরুল হোসেন জানান, জব্দ করা ৪০ বস্তা সার স্থানীয় কৃষকদের মাঝে ৫১ হাজার টাকায় বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া অসাধু ব্যবসায়ী হাসান বসরী জরিমানার টাকা পরিশোধ করায় তাঁকে মুক্তি দেওয়া হয়।

Related Articles

Back to top button