রিয়্যালিটি শোয়ে ক্ষোভ উগরে দিলেন রিয়া চক্রবর্তী

বিতর্ক ও সামাজিক ট্রলিং যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর। ২০২০ সালে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে দীর্ঘ কঠিন মানসিক ট্রমার মধ্য দিয়ে গিয়েছেন তিনি। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই) সুশান্তের মৃত্যু মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে তাকে সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি দিলেও সেই মানসিক ক্ষত যে এখনও তাড়া করে ফিরছে, তার স্পষ্ট প্রমাণ মিলল ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস’-এ।

শোয়ের একটি পর্বে সহ-প্রতিযোগী শ্বেতা তিওয়ারির প্রশ্নের জবাবে নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিয়া। তিনি বলেন, “আমি এই খেলায় বিশ্বাসঘাতক বা খুনি সাজতে চাই না। কারণ, বাস্তব পৃথিবী এমনিতেই আমাকে ওই চোখে দেখে। এখানে এসে স্বেচ্ছায় কাউকে খুন করার নাটক করতে চাই না, যাতে মানুষ আমাকে নিয়ে আবারও নোংরা মিম বানানোর সুযোগ পায়।”

নিজের ওপর হওয়া দীর্ঘ সামাজিক ট্রলিংয়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “দেশের মধ্যে সবচেয়ে বেশি ট্রল হওয়া মানুষ সম্ভবত আমিই। তবে একটা বিষয় পরিষ্কার—আমি সহজে কাউকে বিশ্বাস করি না এবং অন্য কারও প্রভাবে প্রভাবিত হওয়ার পাত্রী নই।”

উল্লেখ্য, বিতর্ক ও মানসিক আঘাত সামলে রিয়া চক্রবর্তী পুনরায় পর্দায় নিজের কাজ শুরু করলেও অতীতের সেই নির্মম অভিজ্ঞতা ও অপবাদ আজও তাঁর জীবনের সঙ্গী হয়ে রয়েছে।

Related Articles

Back to top button