রামিসা হত্যা ও ধর্ষণ: আসামিদের আপিল হাইকোর্টের কার্যতালিকায়

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল এবং ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় স্থান পেয়েছে।

বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে মামলাটি রোববারের (১৬ আগস্ট) কার্যতালিকায় ২২ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

উল্লেখ্য, পল্লবীর পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা হত্যাকাণ্ডের পর ১ নম্বর আসামি সোহেল রানা পালিয়ে গেলে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী সময়ে ২১ মে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মামলায় রাষ্ট্রপক্ষের ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচার কার্যক্রম মাত্র ১৯ দিনের মধ্যে সম্পন্ন হয়।

গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন রায় ঘোষণা করেন। রায়ে আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার পাশাপাশি যথাক্রমে ৫ লাখ ও ২ লাখ টাকা জরিমানা প্রদান করে তা রামিসার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনালের এই রায়ের যাবতীয় নথি (ডেথ রেফারেন্স) হাইকোর্টে আসার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা এর বিরুদ্ধে আপিল দায়ের করেন।

Related Articles

Back to top button