আড়াই বছর পর রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের যাত্রা শুরু

নির্মাণের আড়াই বছর পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের।


বৃহস্পতিবার বিকেলে স্কুল পর্যায়ের বালিকা শিক্ষার্থীদের বিভাগীয় স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্পের মাধ্যমে এই কমপ্লেক্স ব্যবহারের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।

তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণের ক্যাম্পের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুল মোত্তালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগর পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম।

বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, অর্থনৈতিক সংকটের কারণে মহিলা ক্রীড়া কমপ্লেক্সটির কার্যক্রম শুরু করা যায়নি। এরপর নানাভাবে উদ্যোগ নিয়ে শুরু করা হলো। আশা করি আর কখনো এটি অর্থের কারণে বন্ধ হবে না। সরকারি-বেসরকারি সবার তরফ থেকে কমপ্লেক্সটি চালু রাখার চেষ্টা করা হবে।

বিভাগীয় কমিশনার আরও বলেন, স্কেটিংকে লক্ষ্য হিসেবে নিয়ে ভালো প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে সব জায়গায় রংপুর বিভাগকে চ্যম্পিয়ন করতে হবে। স্বাস্থ্যকে সুন্দরভাবে গড়ে তুলে ভালো পড়ালেখার মাধ্যমে সমাজকে নেতৃত্ব দিতে হবে আজকের শিশুদেরকেই।

অনুষ্ঠান সঞ্চালনা করেন রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিভাগীয় মহিলা অধিদপ্তরের উপপরিচালক সেলওয়ারা বেগম। এ সময় জেলা ক্রীড়া অফিসার মাসুদ আলমসহ প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিন দিনব্যাপী স্কেটিং প্রশিক্ষণ ক্যাম্প ছাড়াও প্ররেসলিং এবং রোলারসহ বিভিন্ন ধরনের স্কেটিং ইভেন্টে প্রশিক্ষণে অংশ নেন বালিকারা। দীর্ঘদিন পরে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এ ধরনের প্রশিক্ষণের সুযোগ পেয়ে খুশি হন তারা।

প্রসঙ্গত, রংপুর বিভাগের আট জেলার নারীদের খেলাধুলার প্রসার, উন্নয়ন ও বিকাশে ২০১৭ সালে ১০ একর জমির ওপর রংপুর মহানগরীর উত্তম এলাকায় ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। ২০২৩ সালের ২ আগস্ট রংপুর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তবে উদ্বোধনের পর আড়াই বছর এখানে কোনো খেলাধুলা, প্রশিক্ষণ কিংবা আনুষ্ঠানিকভাবে কোনো কার্যক্রম ছিল না।

Related Articles

Back to top button