যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি চান প্রতিবন্ধী ৫ ভাই-বোন


শরীরের নিচের অংশ অকেজো, নিজেরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। তা সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধকতা ও তীব্র আর্থিক সংকটকে হার মানিয়ে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিলপাড় গজারিয়া গ্রামের একই পরিবারের পাঁচ ভাই-বোন। এবার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরির সুযোগ চান তারা।
বাবা মহরম আলী মারা যাওয়ার পর চরম অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। তবে পাঁচ ভাই-বোনের পড়াশোনা থামেনি। বড় ভাই সুজন মিয়া গুরুদয়াল সরকারি কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বোন মারজিয়া বেগম বাজিতপুর সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতক শেষ করেছেন। অন্য তিন বোন জহুরা বেগম স্নাতক ১ম বর্ষে, মুক্তা আক্তার উচ্চ মাধ্যমিকে এবং পান্না আক্তার দশম শ্রেণিতে পড়াশোনা করছেন।
উচ্চশিক্ষা শেষ করলেও কর্মসংস্থানের অনিশ্চয়তা এখন পরিবারটির বড় চিন্তা। সুজন মিয়া জানান, তারা কারও দয়া চান না; নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণের সুযোগ চান। পরিবারটির অন্তত একজনকে মেধানুযায়ী সরকারি চাকরি দিলে তারা ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারাও।
আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে নতুন স্বপ্ন দেখছেন তারা। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের সংগ্রাম ও আকুতির কথা জানাতে চান এই পাঁচ ভাই-বোন। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন জানিয়েছেন, বিষয়টি খোঁজ নিয়ে পরিবারটিকে প্রয়োজনীয় সব সহযোগিতা দেওয়া হবে।




