উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন দালালের কারাদণ্ড


বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে।
বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কার্যালয় এলাকা থেকে ৭ জন দালালকে আটক করা হয়। পরবর্তীতে অপরাধ স্বীকার করায় বিচারক ৩ জনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং অপর ৪ জনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত তিনজন হলেন— মো. শাহীন (৬০), সামির চৌধুরী (৩২) ও মো. আমিরুল হক (৪৬)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান জানান, দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার বহু অভিযোগ ছিল এই চক্রটির বিরুদ্ধে। বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




