ভারত সফর ও ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণের তথ্য নিশ্চিত করল নয়া দিল্লি


বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফর এবং ব্রিকস সম্মেলনে যোগ দিতে দুটি আলাদা পত্রের মাধ্যমে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত।
মঙ্গলবার (১১ আগস্ট) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, “গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের হাইকমিশনারের একটি বৈঠক হয়। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা আমন্ত্রণের যে বিষয়টি উল্লেখ করছেন—আমরা তাকে দ্বিপাক্ষিক সফরের পাশাপাশি দিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছি। এ বিষয়ে পরবর্তী আপডেট পরে জানানো হবে।”
তবে প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে বাংলাদেশ এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে গতকাল সোমবার জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, “ব্রিকসে তাকে ‘প্রধানমন্ত্রী’ হিসেবে নয়, বরং ‘বিমসটেক চেয়ারপারসন’ হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে। এই পার্থক্যটা বোঝা প্রয়োজন। এর আগে আমাদের সরকার গঠনের দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি হস্তান্তর করা হয়েছিল, যেখানে তিনি দ্বিপাক্ষিক সফরের কথা বলেছিলেন। সেই আমন্ত্রণটি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।”
আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে বিমসটেক চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই পত্রে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা হয়নি। এর বাইরে অন্য একটি চিঠিতে নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন সরকারপ্রধানকে পৃথকভাবে দিল্লি সফরের নিমন্ত্রণ জানিয়েছেন।



