খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
রোববার (৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনারের প্রথম সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
বৈঠক শেষে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তাবিত সাক্ষাৎ এবং আগামী ১২-১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ পর্বে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়টি এই আলোচনায় গুরুত্ব পেয়েছে।
উল্লেখ্য, সাবেক রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী ভারতের ১৬তম হাইকমিশনার হিসেবে গত ২৫ জুন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। ভারতের কূটনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হলো।




