রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র সার্বিয়ায় সরকারি সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


বেলগ্রেড বিমানবন্দরে পৌঁছালে তাকে সার্বিয়ার জ্বালানিমন্ত্রী দুব্রাভকা জেদোভিচ হান্দানোভিচ স্বাগত জানান এবং পরবর্তীতে তিনি সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক twitter) দেওয়া এক বার্তায় জেলেনস্কি জানান, এই সফরে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংযোগ রক্ষা এবং দ্বিপক্ষীয় নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে। উভয় দেশের রাষ্ট্রপ্রধান দ্বিপক্ষীয় বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো সার্বিয়াকে রাশিয়ার প্রভাববলয় থেকে কিছুটা বের করে আনা। যদিও সার্বিয়া ইউক্রেনে হামলার নিন্দা জানিয়েছে এবং মানবিক সহায়তা প্রদান করেছে, তবে তারা রাশিয়ার ওপর কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেনি। প্রেসিডেন্ট ভুচিচ স্পষ্ট করেছেন যে, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা না দেওয়ার বিষয়ে বেলগ্রেড তাদের পূর্বের নীতিতেই অটল থাকবে।

Related Articles

Back to top button