খাগড়াছড়িতে কৃষকের ৬০ শতক জমির ফলন্ত কাঁকরোলগাছ কেটে দিল দুর্বৃত্তরা

খাগড়াছড়ির মানিকছড়িতে কৃষক আবুল হাসেমের ৬০ শতক জমির ফলন্ত কাঁকরোলগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার বাটনাতলী ইউনিয়নের সেম্প্রুপাড়া এলাকার আমতলী পাড়ায় এ ঘটনা ঘটে। এর ফলে প্রায় ৮ লাখ টাকার সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হওয়ার কথা জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ওই বর্গাচাষি।

ভুক্তভোগী আবুল হাসেম জানান, ৬০ শতক জমিতে কাঁকরোল চাষে তার খরচ হয়েছে প্রায় আড়াই লাখ টাকা। এ পর্যন্ত ১ লাখ টাকার কাঁকরোল বিক্রি করার পর শুক্রবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন সব গাছের গোড়া কেটে ফেলা হয়েছে। বাজারে সবজির ভালো দাম থাকায় এবার আট থেকে দশ লাখ টাকা আয়ের স্বপ্ন থাকলেও দুর্বৃত্তদের এই কর্মকাণ্ডে তিনি এখন দিশেহারা।

ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে অপরাধীদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Back to top button