আলীকদমে ভয়াবহ নদীভাঙন, জিও ব্যাগেও মিলছে না সুরক্ষা


টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী ও চৈক্ষ্যং খালের ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে।
এতে বসতবাড়ি, ফসলি জমি ও গ্রামীণ সড়ক বিলীন হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন আলীকদম সদর ও চৈক্ষ্যং ইউনিয়নের শতাধিক পরিবার; অনেকেই ইতোমধ্যে ভিটা ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন।
ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ১ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে প্রায় ৩৮০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেললেও প্রবল স্রোতে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অস্থায়ী এ ব্যবস্থার বদলে স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বান্দরবান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব জানান, জিও ব্যাগের মাধ্যমে তাৎক্ষণিক সুরক্ষার পাশাপাশি স্থায়ী ব্লক বাঁধ নির্মাণের একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।




