আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কারণ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগের প্রতি সরকারের নমনীয় হওয়ার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি বলেন, বিগত দিনে এই দলের দ্বারা বর্তমান সরকারভুক্ত দল চরম অত্যাচারিত হয়েছে এবং দেশকে উদ্ধার করতে যে পরিমাণ ত্যাগ স্বীকার করা হয়েছে, তাতে তাদের প্রতি নমনীয় আচরণের প্রশ্নই আসে না।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের চেষ্টা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্ত প্রতিবাদ জানানো হয়েছে। এছাড়া বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারির বিষয়টিকে তিনি একটি নিয়মিত রুটিন কাজ বলে উল্লেখ করেন।

পদ্মার চরাঞ্চলের আইনশৃঙ্খলা বিষয়ে ফারজানা শারমিন পুতুল জানান, বহুবছর ধরে গড়ে ওঠা এই ক্রাইম জোনকে বহুমুখী উন্নয়ন প্রজেক্ট ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার মাধ্যমে শিগগিরই অপরাধমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এ সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা এমপি ফরিদা ইয়াসমিন ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button