শরীয়তপুরের গোসাইরহাটে যৌথ অভিযানে ৬ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড


শরীয়তপুরের গোসাইরহাটে কোস্টগার্ড ও থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে আটক ছয়জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান এই আদালত পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কোদালপুর বাজারসংলগ্ন একটি পরিত্যক্ত আশ্রয়ণ প্রকল্পের ঘরে অভিযান চালায় কোস্টগার্ড। সেখান থেকে ১ পিস ইয়াবা, ১ গ্রাম গাঁজা ও ৬টি মোবাইল ফোনসহ শাহাদাত মৃধা (৩৫), শামীম সিকদার (৩০) ও সুজন সরদারকে (৩৫) আটক করে থানায় হস্তান্তর করা হয়।
একই রাতে নাগেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ মো. আলী আজম সিকদার (২৮), বিল্লাল হোসেন (২৫) ও নাঈমুল হাসানকে (২৬) আটক করে গোসাইরহাট থানা পুলিশ।
আটক ছয়জনকে সাজা পরোয়ানা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। শাহাদাত মৃধা: ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড। অপর ৫ জন: প্রত্যেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান অব্যাহত থাকবে।




