মধ্যরাতে গ্রাফিক আর্টসের হল থেকে ছাত্রশিবিরকে বের করে দিল ছাত্রদল


রাজধানীর মোহাম্মদপুরে মধ্যরাতে সরকারি গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের হল থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে।
মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে গ্রাফিক আর্টস ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেনের নেতৃত্বে এ ঘটনা ঘটে। এতে মেহেদী নামে এক শিবিরকর্মী আহত হন।
সরেজমিনে দেখা যায়, ব্যাগ ও কম্পিউটারসহ ১০ থেকে ১৫ জন শিবিরকর্মীকে জোরপূর্বক হল থেকে বের করে দেয় ছাত্রদল নেতাকর্মীরা। পর মুহূর্তেই মিছিল নিয়ে তাদের ধাওয়া ও মারধর করতে করতে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে নিয়ে যাওয়া হয়। মিছিলটি মোহাম্মদপুর থানা হয়ে ধানমন্ডি ২৭ নম্বর ক্রসিংয়ে গিয়ে শেষ হয়, যেখানে ছাত্রশিবিরবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।
প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড খশিয়ার জানান, রাত ১২টার দিকে ছাত্রদলের হামলায় আহত এক শিক্ষার্থীকে উদ্ধার করে নিকটস্থ সিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের এক শিবির সদস্য অভিযোগ করে বলেন, মধ্যরাতে হলে তাদের ১৫ জনের ওপর হামলা চালানো হয় এবং জোর করে বের করে দেওয়া হয়।
ঘটনার কারণ হিসেবে গ্রাফিক আর্টস ছাত্রদলের আহ্বায়ক তামিম মাতুব্বর বলেন, হলের ভেতর থাকা রোহান নামের এক ছাত্রলীগ কর্মীকে বের করতে গেলে শিবিরের সদস্যরা তাতে বাধা দেয়। পরে কথা-কাটাকাটির সুযোগে রোহান পালিয়ে যায়।
অন্যদিকে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোতাহার হোসেন দাবি করেন, দিনভর ছাত্রদলের ওপর শিবিরের দফায় দফায় হামলায় তাদের বেশ কয়েকজন কর্মী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাতে খবর পাওয়া যায় শিবিরের নেতাকর্মীরা হলে নাশকতার পরিকল্পনা করছে, যা রুখতেই তাদের হল থেকে বের করে দেওয়া হয়েছে।
খবর পেয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শকরা ঘটনাস্থলে পরিদর্শনে যান। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর তারা এলাকা ত্যাগ করলেও নিরাপত্তার স্বার্থে ইনস্টিটিউটের সামনে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি থানা পুলিশ।




