ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৫ অঙ্গরাজ্যের মামলা

জোরপূর্বক শ্রমের মাধ্যমে পণ্য উৎপাদন বা সরবরাহের অভিযোগে ৬০টি বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য।

ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেডে ডেমোক্রেটিক পার্টি-পরিচালিত অঙ্গরাজ্যগুলো যৌথভাবে মামলাটি দায়ের করে।

নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ইলিনয়েসহ ২৫টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের দাবি, ট্রাম্প প্রশাসন ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ‘ধারা ৩০১’ এর অপব্যবহার করছে। সংবিধানে শুল্ক ও কর আরোপের একক ক্ষমতা কংগ্রেসকে দেওয়া হলেও প্রেসিডেন্ট ক্ষমতার সীমা অতিক্রম করছেন।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস জানান, যুক্তরাষ্ট্রের বাজারের ৯৯.৪ শতাংশ পণ্য আসা দেশগুলোর ওপর এই শুল্ক আরোপ করায় সাধারণ মার্কিন পরিবার ও ব্যবসায়ীদের ওপর দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

২০২৬ সালের শুরুতে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্ববর্তী সার্বিক শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছিলেন। নতুন করে আবার ধারা ৩০১ ব্যবহার করে সেই পুরনো শুল্কই ভিন্ন নামে চাপানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে সমর্থন করে জানান, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া মার্কিন শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয়। ‘ধারা ৩০১’-এর আওতায় এই শুল্ক আরোপ সম্পূর্ণ আইনসম্মত এবং কার্যকর একটি আইনি হাতিয়ার।

Related Articles

Back to top button