ইনজুরি খুব বাজে জিনিস, ভেবেছিলাম কেউ জানতে পারবে না: রাশমিকা


শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্য ও নাচের শুট করতে গিয়ে ডান হিপে গুরুতর চোট পেয়েছেন দক্ষিণী ও বলিউড তারকা রাশমিকা মানদানা। ‘মাইসা’ সিনেমার শুটিংয়ে পাওয়া চোটের খবর এবং নিজের শারীরিক অবস্থার বিস্তারিত আপডেট সামাজিক মাধ্যমে এক বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ায় কিছুদিন অনিয়মিত থাকার পর এক দীর্ঘ বার্তা ও নিজের রিকভারি জীবনের খণ্ডচিত্র শেয়ার করেন রাশমিকা। চোটের বর্ণনা দিয়ে তিনি লেখেন, “ইনজুরি সত্যিই খুব বাজে জিনিস আর আমি ভেবেছিলাম বিষয়টা কেউ জানতে পারবে না। পরপর তিনবার চোট পেলাম, নিশ্চিতভাবেই এখন থেকে নিজের শরীরকে যন্ত্র না ভেবে একটু যত্ন নেওয়া উচিত।”
চোটের ধরণ ব্যাখ্যা করে রাশমিকা রসিকতার সুরেই জানান, হিপের একটি টেনডন বিচ্ছিন্ন হয়ে গেছে যা কোমরকে পায়ের সঙ্গে যুক্ত রাখে। এটি আবার জোড়া লাগা প্রয়োজন। মূলত ‘মাইসা’ সিনেমার একটি নাচের দৃশ্য শুট করার সময় এই ঘটনাটি ঘটে।
তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, ব্যথা হলেও তা সহনীয় এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি এখন বিশ্রামে আছেন। অবাধ্য কাজের চাপ থেকে ঈশ্বরই তাকে বাধ্য হয়ে এই বিরতি নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। চিকিৎসাধীন সময়ে পোষ্যদের সাথে সময় কাটিয়ে এবং পাজল খেলে দিন কাটছে তার।
উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাশমিকা। সিনেমাটির মুক্তির সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৬ সাল।




