দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান নেবে ১১ দলীয় জোট

আগামী ৬ আগস্ট দেশের সব মহানগরী ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য জোট।


গত সোমবার রাতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক শীর্ষ বৈঠক শেষে জোটের পক্ষ থেকে দুই দিনব্যাপী এই কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৫ আগস্ট সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদসহ জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে পরবর্তী চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

পরদিন ৬ আগস্ট দেশজুড়ে জেলা ও মহানগরীর বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থানের পাশাপাশি রাজধানীর মুক্তাঙ্গণেও অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button