জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজনের নির্দেশ


আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা আয়োজনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এ নির্দেশনা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজসহ সংশ্লিষ্ট শিক্ষা অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে।
মাউশির চিঠিতে জানানো হয়, ১ জুলাই থেকে ৫ আগস্টের মধ্যে সুবিধাজনক সময়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতাগুলো আয়োজন করতে হবে।
একই সঙ্গে দিবসের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভার আয়োজন নিশ্চিত করতে হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর ও সংস্থা যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।




