ধলেশ্বরী নদীতে গোসলে নেমে নারী নিখোঁজ


মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে সোহাগী (১৯) নামে এক নারী নিখোঁজ হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার তিলারদী চর গুচ্ছ গ্রামে এ ঘটনা ঘটে। নিখোঁজ সোহাগী তিলারদি গ্রামের শহিদুল বেপারীর মেয়ে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুপুরে সোহাগী নদীতে গোসল করতে নেমে তলিয়ে যান। খবর পেয়ে কমলাঘাট নদী ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে যোগ দিয়ে যৌথ উদ্ধার কার্যক্রম শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়েছে, নিখোঁজ নারীকে উদ্ধার না করা পর্যন্ত ডুবুরি দলের এই অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে স্থানীয়দের নদীতে গোসল বা চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
নিখোঁজ নারীর বাবা শহিদুল বেপারী বলেন, “আমার মেয়ে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধারের চেষ্টা করছে।”




