চট্টগ্রামে ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম


যেখানে পবিত্র কোরআনের ৩০ পারা হেফজ সম্পন্ন করতে সাধারণ শিক্ষার্থীদের কয়েক বছর সময় লাগে, সেখানে মাত্র ১০ মাসে তা সম্পন্ন করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৯ বছরের শিশু আরহাম ভূঁইয়া।
আরহাম উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের গণি ভূঁইয়া বাড়ির ওহিদুল ইসলাম ভূঁইয়ার একমাত্র ছেলে। সে স্থানীয় দারুণ নাজাত আইডিয়াল মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা যায়, আরহাম ২০২৫ সালের ১ অক্টোবর হেফজ শুরু করে চলতি বছরের ৩০ জুন মাত্র ১০ মাসের ব্যবধানে পুরো ৩০ পারা মুখস্থ সম্পন্ন করে। সাধারণত একজন শিক্ষার্থী প্রতিদিন ১ থেকে ২ পৃষ্ঠা সবক (নতুন পাঠ) আদায় করে থাকে। তবে আরহাম প্রতিদিন নিয়ম করে ৪ থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত সবক প্রস্তুত করে শিক্ষককে শোনাত।
দারুণ নাজাত আইডিয়াল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা শোয়াইব বলেন, আরহামের অসাধারণ মেধা, একাগ্রতা, প্রবল অধ্যবসায় এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের ফলেই এত অল্প সময়ে এই সাফল্য অর্জিত হয়েছে। চলতি বছর এই প্রতিষ্ঠানটি থেকে আরও ১০ থেকে ১২ জন শিক্ষার্থী হেফজ সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে হাফেজ আরহাম ভূঁইয়া বলে, “আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমি অল্প সময়ে কোরআন হেফজ সম্পন্ন করতে পেরেছি। আমি ভবিষ্যতে একজন হাক্কানি আলেম হতে চাই এবং সারাজীবন কোরআনের খেদমত করতে চাই।”
আরহামের বাবা ওহিদুল ইসলাম ভূঁইয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ছেলেকে কোরআনের পথে গড়ে তোলার চেষ্টা করেছেন। ছেলের এমন সাফল্যে তিনি মাদরাসার শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সবার কাছে ছেলের জন্য দোয়া চান।




