প্রথম স্ত্রীকে নিয়ে স্বামী প্রবাসে যাওয়ায় ক্ষোভে দ্বিতীয় স্ত্রীর স্বজনদের বুলডোজার দিয়ে বাড়ি ভাঙচুর


প্রথম স্ত্রীকে পুনরায় বিয়ে করে তাকে নিয়ে স্বামী মালয়েশিয়া পাড়ি দেওয়ায় ক্ষুব্ধ হয়ে স্বামীর বসতবাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর স্বজনরা।
রোববার (২ আগস্ট) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিনের প্রথম স্ত্রী ছনিয়া খাতুন অন্য এক প্রবাসীর সাথে চলে গেলে রফিউদ্দিন দেশে ফিরে রিমা খাতুন নামে এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন।
রিমাকে বিয়ের বছরখানেকের মাথায় রফিউদ্দিন তাঁর প্রথম স্ত্রী ছনিয়ার সাথে পুনরায় সম্পর্ক জোড়া লাগান এবং তাকে নিয়ে আবারও মালয়েশিয়া চলে যান।
এ ঘটনায় প্রতারিত বোধ করে রিমার পরিবার ক্ষুব্ধ হয়ে ওঠে। রোববার সকাল ১০টার দিকে তারা বুলডোজার এনে রফিউদ্দিনের বসতবাড়ি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেয়।
স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, এভাবে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ভাঙার চেয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
আলমডাঙ্গা থানার ওসি বাণী ইসরাঈল জানিয়েছেন, ঘটনাটি পুলিশ অবগত রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




