‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’: ব্যারিস্টার মীর হেলাল


প্রান্তিক জনপদের মানুষের জীবনমান উন্নয়ন ছাড়া সার্বিক দেশের উন্নয়ন সম্ভব নয় এবং সরকার জনগণকে মালিক মনে করেই সব কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় চট্টগ্রামের বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন এবং প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বন্যাকবলিত এলাকার মানুষের পাশে বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। বন্যা-পরবর্তী ক্ষতি সামাল দিতে এবং দুর্গতদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া ও সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ড. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক বন্যাদুর্গত মানুষ উপস্থিত ছিলেন।




