রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন খুব শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের একটি দায়িত্বশীল সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।


বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির উচ্চপর্যায়ে নতুন রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণার আগে পদত্যাগ সম্পন্ন হলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্যগত বা অসুস্থতার কারণ দেখিয়ে তিনি এই পদত্যাগ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী ২০২৮ সালের এপ্রিলে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর দেশে বড় রাজনৈতিক পরিবর্তন এলেও তিনি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। আন্দোলনের সময় তার অপসারণের দাবি উঠলেও তৎকালীন রাজনৈতিক ও সাংবিধানিক পরিস্থিতিতে তিনি স্বপদে বহাল থাকেন।

  • পরবর্তী পদক্ষেপ: সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন এবং ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করতে হয়।

সরকার গঠনের পর বিএনপি প্রকাশ্যে তার পদত্যাগ দাবি না করলেও, মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে পরবর্তী মেয়াদের জন্য বিএনপি তাদের মনোনীত প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করার সুযোগ পাবে।

Related Articles

Back to top button