বিয়েবাড়িতে গান গাওয়া নিয়ে পুরোনো বিতর্ক টানলেন অভিজিৎ


বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্করের সঙ্গে দুই বছর আগের পুরোনো বিতর্ক নিয়ে পুনরায় মুখ খুলেছেন প্রখ্যাত গায়ক অভিজিৎ ভট্টাচার্য। ‘সুপারস্টার সিঙ্গার ৩’ অনুষ্ঠানে বিয়েবাড়িতে গান গাওয়া প্রসঙ্গে দুজনের মতবিরোধ তৈরি হয়েছিল, যা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও কথা বলেন তিনি।
অভিজিৎ কোনো নাম সরাসরি না নিয়ে বলেন, রাতারাতি জনপ্রিয় হওয়া কিছু গায়কের অহংকার ও অতিরিক্ত দাবির কারণে অনুষ্ঠানের আয়োজকরা চরম বিপাকে পড়েন।
তিনি দাবি করেন, নেহার “১ কোটি টাকা পারিশ্রমিক নেওয়ার” দাবিটি বাজারে নিজের দাম বাড়ানোর একটি কৌশল মাত্র। গায়ক আরও জানান, কোনো কাজই ছোট নয়— এমন যুক্তি দিয়ে বিয়েবাড়িতে গান গেয়ে নিজের শিল্পকে বিক্রি করা তিনি সমর্থন করেন না এবং এ ধরনের আচরণের বিপরীতে শ্রেয়া ঘোষালের উদাহরণ টেনে নবাগতদের বিনয় শেখার পরামর্শ দেন।
উল্লেখযোগ্য যে, ২০২৪ সালে ‘সুপারস্টার সিঙ্গার ৩’ অনুষ্ঠানে অভিজিৎ বিয়েবাড়িতে গান গাওয়াকে শিল্পের অবমূল্যায়ন বললেও, নেহা কক্কর তার বিরোধিতা করে জানিয়েছিলেন— ভালোবেসে আমন্ত্রিত হয়ে গান গেয়ে মানুষের আনন্দের অংশ হওয়ার মধ্যে লজ্জার বা অসম্মানের কিছু নেই।




