এনসিপির কার্যালয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত


মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাংলামোটরস্থ কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বুধবার দুপুরে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ, গণতান্ত্রিক পরিবর্তন, দলের রাজনৈতিক অবস্থান, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সম্প্রতি সম্পাদিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়।
বৈঠকে এনসিপি নেতারা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বাণিজ্য চুক্তি সম্পর্কিত জনমনে থাকা প্রশ্ন ও উদ্বেগ মার্কিন প্রতিনিধিদলের কাছে পেশ করেন। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন জানান, এই চুক্তি দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুলবে।
বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত থাকার আশা প্রকাশ করেন। এ সময় মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা এরিক গিলান ও রাজনৈতিক সচিব জেমস স্টুয়ার্ট এবং এনসিপির পক্ষে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ আন্তর্জাতিক সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




