জিয়া হত্যা মামলার আসামি মোজাফফর ট্রাইব্যুনালে


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আলোচিত আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগে মোজাফফরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় আদালত আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো এবং জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবে প্রসিকিউশন। এর আগে ২১ জুলাই তার বিরুদ্ধে এই প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদন করেছিল প্রসিকিউশন।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয় এবং পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধেও চার্জ বা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে মোজাফফরের সঙ্গে তার যোগসাজশের অভিযোগ থাকায় প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে নতুন কোনো তারিখ নির্ধারণ না করে মাসুদ উদ্দিন চৌধুরীকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।




