বেলুচিস্তানে অতর্কিত হামলায় ৪৫ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশের মস্তুং এলাকায় একটি নিরাপত্তা বহরে অতর্কিত হামলায় অন্তত ৪৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘বেলুচিস্তান পোস্ট’-এর বরাত দিয়ে জানা গেছে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে।

পাকিস্তান সেনাবাহিনী হামলার খবর নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে এখনও নিহতের সংখ্যা প্রকাশ করেনি। তবে বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বেলুচ এক বিবৃতিতে দাবি করেছেন, তাদের ‘ফাতেহ স্কোয়াড’ সুপরিকল্পিতভাবে মূল বহর এবং পরবর্তীতে আসা অতিরিক্ত সেনা দলকে লক্ষ্য করে এ হামলা চালায়।

চলতি মাসে বেলুচিস্তানে এটি চতুর্থ বড় ধরনের হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর এবং বেলুচিস্তান পুলিশ যৌথভাবে ‘অপারেশন শাবান’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছে। তবে একের পর এক সমন্বিত জঙ্গি হামলায় অঞ্চলটিতে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এ হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া হবে। ঘটনাটি পর্যালোচনা ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখতে একটি চার সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, রাজনৈতিক স্বায়ত্তশাসন ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য হিস্যার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলনে উত্তপ্ত বেলুচিস্তান কৌশলগত ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভৌগোলিকভাবে ইরান ও আফগানিস্তান সীমান্তসংলগ্ন এ প্রদেশেই চীনের অর্থায়নে নির্মিত গাওয়াদর গভীর সমুদ্রবন্দর অবস্থিত।

Related Articles

Back to top button