পারিবারিক বিরোধের জেরে রাঙ্গুনিয়ায় সংঘর্ষ, নিহত ১

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পানি চলাচল নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মো. ওবাইদুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া ব্রিজঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পানি চলাচল নিয়ে ওবাইদুলের সঙ্গে তার চাচা ও চাচাতো ভাইদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার বিকেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ওবাইদুলকে গাছের বাটাম দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button