রেস্টুরেন্ট স্বাদে বাড়িতেই তৈরি করুন ‘ক্রিসপি ফিশ স্ট্রিপস’

বড় মাছের ভাজা কিংবা ভুনা তো নিয়মিতই খাওয়া হয়। তবে সাধারণ স্বাদের মাছ দিয়েও যে দারুণ সুস্বাদু ও ব্যতিক্রমী সব পদ তৈরি করা যায়, সে কথা কি জানতেন? ঝটপট বিকেলের নাস্তায় কিংবা মেহমানদারিতে টেবিলে জমিয়ে তুলতে পারে মুচমুচে ‘ফিশ স্ট্রিপস’। সুস্বাদু এই পদটি খেতে এখন আর রেস্টুরেন্টে ছুটে যেতে হবে না, খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক ক্রিসপি ফিশ স্ট্রিপস তৈরির সহজ রেসিপি—

প্রয়োজনীয় উপকরণ

  • যেকোনো বড় মাছের টুকরা: ৮-১০টি

  • কর্নফ্লাওয়ার: ২ টেবিল চামচ

  • হলুদের গুঁড়া: আধা চা চামচ

  • মরিচের গুঁড়া: আধা চা চামচ

  • চিলি ফ্লেক্স: আধা চা চামচ

  • আদা বাটা: আধা চা চামচ

  • রসুন বাটা: আধা চা চামচ

  • ভাজা ধনিয়া ও জিরা গুঁড়া: ১ চা চামচ

  • লেবুর রস: ২ চা চামচ

  • লবণ: স্বাদমতো

  • তেল: ভাজার জন্য পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. প্রথমে মাছ ভালো করে ধুয়ে ভেতরের কাঁটা ছাড়িয়ে নিন। এরপর মাছের টুকরোগুলোকে লম্বাটে বা স্ট্রিপসের আকারে কেটে নিন। ২. এবার একটি পাত্রে কেটে রাখা মাছের টুকরোগুলোর সঙ্গে তেল ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব মসলা এবং লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে (ম্যারিনেট) নিন। ৩. মাখানো হয়ে গেলে সবশেষে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে আলতো হাতে মাছের গায়ে মেখে নিন। ৪. ফ্রাইপ্যানে পরিমাণমতো তেল গরম করুন। তেল গরম হলে মসলা মাখানো মাছের স্ট্রিপসগুলো ছেড়ে দিন এবং মাঝারি আঁচে উল্টে-পাল্টে সোনালি করে ভেজে তুলুন। খেয়াল রাখবেন, চুলার আঁচ যেন খুব বেশি না থাকে; এতে মাছের ওপরের অংশ দ্রুত পুড়ে গেলেও ভেতরটা কাঁচা থেকে যেতে পারে। ৫. মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেলে তেল ছেঁকে কিচেন টিস্যুর ওপর তুলে রাখুন। এতে বাড়তি তেল ঝরে যাবে।

ব্যস, তৈরি হয়ে গেল গরম গরম মুচমুচে ক্রিসপি ফিশ স্ট্রিপস। এবার আপনার পছন্দসই যেকোনো সস কিংবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করুন দারুণ মজাদার এই পদ।

Related Articles

Back to top button