২৮ বছর পর কোয়ার্টার ফাইনালে নরওয়ে: সমর্থকদের ধন্যবাদ জানাল ঢাকা দূতাবাস

দীর্ঘ ২৮ বছর পর ফুটবল বিশ্বকাপে ফিরে এসে কোয়ার্টার ফাইনালে ওঠার গৌরব অর্জন করায় সব ভক্ত ও সমর্থকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।

রোববার (১২ জুলাই) দূতাবাস থেকে পাঠানো এক বার্তায় এই ধন্যবাদ জানানো হয়।

দূতাবাসের বার্তায় বলা হয়, “২৮ বছর পর বিশ্বকাপে ফিরে আসা এবং ইতিহাসে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা আমাদের জন্য অত্যন্ত গর্বের। যদিও আমাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে, তবে এই টুর্নামেন্ট আমাদের এমন অসংখ্য স্মৃতি উপহার দিয়েছে, যা বহু বছর ধরে আমাদের হৃদয়ে থাকবে।”

এবারের বিশ্বকাপে নরওয়েজিয়ান সমর্থকদের অভিনব সমর্থন বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে। বিশেষ করে গ্যালারি থেকে শুরু করে সংসদ, স্কুল এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ‘ভাইকিং রো’ ছিল এই টুর্নামেন্টের অন্যতম আলোচিত বিষয়।

টুর্নামেন্টজুড়ে অকুণ্ঠ সমর্থনের জন্য সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি বিশ্বকাপে এখনও প্রতিদ্বন্দ্বিতায় থাকা দলগুলোর জন্য শুভকামনা জানিয়েছে নরওয়ে দূতাবাস। বার্তার শেষে নরওয়েজিয়ান ভাষায় লেখা হয়, ‘টাক, নরগে! হেইয়া নরগে!’—যার বাংলা অর্থ, ‘ধন্যবাদ, নরওয়ে! এগিয়ে যাও নরওয়ে!’

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে সেমিফাইনালে ওঠার তীব্র লড়াইয়ে যুক্তরাজ্যের কাছে পরাজিত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নরওয়ে।

Related Articles

Back to top button