বৃষ্টি থামার নাম নেই, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ার পর রোববার (১২ জুলাই) সকাল থেকেও বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে। এতে অফিসগামী মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

আজ সকাল থেকে রাজধানীর ইসিবি চত্বর, পল্লবী, আগারগাঁও ও শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কে বাসের সংখ্যা স্বাভাবিক থাকলেও যাত্রীদের চাপ ছিল অস্বাভাবিক।

প্রতিটি বাস স্টপেজে গাড়িতে ওঠার জন্য যাত্রীদের হুড়োহুড়ি করতে দেখা গেছে। বাসের ভেতরে উপচে পড়া ভিড়ের কারণে অনেকেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারেননি।

বাসস্ট্যান্ডগুলোতে ছাতা হাতে কিংবা ভেজা অবস্থায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

বৃষ্টির কারণে রাজধানীর প্রধান প্রধান সড়কে যানবাহনের গতি ছিল অত্যন্ত ধীর। ফলে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার কারণে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে নগরবাসীকে নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে চলমান এই বৃষ্টিজনিত ভোগান্তি আজ সারাদিনই বজায় থাকতে পারে।

Related Articles

Back to top button