বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দ্বিগুণ করল আল-আজহার বিশ্ববিদ্যালয়

মিসরের ঐতিহাসিক ও বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করেছে। আগে এই বৃত্তির সংখ্যা ১২টি থাকলেও তা বাড়িয়ে এখন ২৪টিতে উন্নীত করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) মিসরের রাজধানী কায়রোয় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, কায়রোতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থী-বিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠকে নাহলা সাইদি জানান:

“মিসরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের বিশেষ অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১২ থেকে বৃদ্ধি করে ২৪-এ উন্নীত করার এই সিদ্ধান্ত নিয়েছে।”

আলোচনাকালে হেড অব চ্যান্সারি আতাউল হক আল-আজহারের বিভিন্ন অনুষদে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, অ্যাকাডেমিক সাফল্য ও ইতিবাচক অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি ধারাবাহিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য রাষ্ট্রদূত সামিনা নাজের পক্ষ থেকে আল-আজহারের গ্র্যান্ড ইমাম, শাইখুল আজহার অধ্যাপক আহমাদ আত-তাইয়্যেবের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বৈঠকে নাহলা সাইদি বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা ও চলমান কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন।

উভয় পক্ষই বাংলাদেশ ও আল-আজহারের মধ্যকার দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। এর পাশাপাশি শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ করার বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেছে।

এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর দ্বিগুণ সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম শীর্ষ এই ইসলামি প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

Related Articles

Back to top button